জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত মিলেছে চাঁদপুরে। জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতা-কর্মী দলত্যাগ করে যোগ দিয়েছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে।
সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে জাতীয় পার্টি ও জাসদের সাবেক প্রভাবশালী নেতা মো. শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকন-এর নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগদানকারী নেতারা চাঁদপুর জেলা এনসিপি প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম-এর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
নতুন সদস্যরা জানান, দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও ভিশনে আস্থা রেখেই তাঁরা এই দলে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন—অধ্যাপক মো. মোখলেছুর রহমান মুকুল (হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী), ডিএম আলাউদ্দিন (মতলব উত্তর), মো. নবীর হোসেন (মতলব দক্ষিণ), মুফতি মাহমুদ হাসান ও সাইফুর রহমান গাজী (চাঁদপুর সদর উপজেলা যুগ্ম-সমন্বয়কারী), আজিজুল হক রাজু (হাইমচর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী) এবং অ্যাডভোকেট আবদুল জব্বার (ফরিদগঞ্জ উপজেলা)।
নতুন সদস্যদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বলেন,
জাতীয় নাগরিক পার্টি দেশকে একটি ইতিবাচক পরিবর্তনের পথে নিয়ে যেতে চায়। জাতীয় পার্টি ও জাসদ থেকে এত বড় সংখ্যক নেতাকর্মীর যোগদান প্রমাণ করে—মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে আস্থা রাখছে।”
তিনি আরও বলেন, এই যোগদান চাঁদপুরে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে এবং এনসিপিকে আগামী দিনে রাজনীতির নতুন বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক যোগদান জাতীয় নাগরিক পার্টির জাতীয় রাজনীতিতে অবস্থানকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরকে/ সাইফ




















