চাঁদপুর জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তিনজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে, ০৪ নভেম্বর (মঙ্গলবার) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে দুপুর ১২টায় শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. তুহিন (৪৪) ও অয়নুল আবেদীন জনি (২২)-কে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিনে সকাল আনুমানিক ৯টায় পরিচালিত দ্বিতীয় অভিযানে শাহরাস্তি উপজেলার মেহের এলাকা থেকে আরেক মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন মৃধা (৩৮)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে যৌথ বাহিনী।
অভিযান শেষে আটক তিন মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় যৌথ বাহিনী।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী যৌথ বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
আরকে/ সাইফ




















