চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ৬ নভেম্বর ভোর ৪টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চান্দ্রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ চারজনকে আটক করে।
অভিযানে আটককৃতরা হলো—মিনহাজ (১৬), সাগর (১৬), মেহেদী হাসান (১৭) ও মুন্না (১৬)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ১টি চাইনিজ কুড়াল, ২টি রামদা এবং ৪টি স্টিলের পাইপ। এসব অস্ত্র স্থানীয় এলাকায় দাপট দেখানো, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, “চাঁদপুর সদর উপজেলায় কিশোর অপরাধ ও সন্ত্রাস দমনে আমাদের অভিযান চলমান রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। এই চারজন কিশোর গ্যাং সদস্য বহুদিন ধরেই স্থানীয়ভাবে চাঁদাবাজি ও মারামারির সঙ্গে জড়িত ছিল।”
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, যৌথ বাহিনীর চলমান এই অভিযানের ফলে চাঁদপুর সদরসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের উৎপাত ও দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কে ছিল। নিয়মিত অভিযানের ফলে এ ধরণের অপরাধ কমে আসছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান আরও জোরদার করা হবে যাতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং যুবসমাজ অপরাধের পথ থেকে ফিরে আসে
rk / saif




















