চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নানের অনুসারী নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর দুইজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীরা ব্যানার ও পেস্টুন পুড়িয়ে দেয়ার অভিযোগও উঠেছে।
আহতদের মধ্যে রয়েছেন— উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকতার হোসেন, যুবদল নেতা হাবিবুর রহমান, ছাত্রদল নেতা রাসেল হাসান, ফজলে রাব্বী এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু জাফর খসরু মোল্লা। তাদের মধ্যে কয়েকজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, “এম এ হান্নানকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে পৃথক স্থানে হামলার শিকার হন। রাতে এম এ হান্নানের বাড়ির সামনে ব্যানার-পেস্টুন পুড়িয়ে দেয় মনোনয়ন পাওয়া লায়ন হারুনুর রশীদের অনুসারীরা।”
তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমরা তদন্ত সাপেক্ষে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আহবান জানাই।”
এদিকে পুলিশ বলছে অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে দোষীদের বিরুদ্ধে।
আরকে/ সাইফ




















