চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঁজিরগাঁওয়ে হাজীগঞ্জ হেলথ ক্লাব ও হাজীগঞ্জ রানার্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে কাঁজিরগাঁও মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচে হাজীগঞ্জ হেলথ ক্লাব ১–০ গোলে পরাজিত করে হাজীগঞ্জ রানার্স ক্লাবকে। মাঠজুড়ে খেলোয়াড় ও দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণে ম্যাচটি ছিল বন্ধুত্ব ও আনন্দের এক চমৎকার উদাহরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাহেদ হোসেন।
এ সময় নারায়ণগঞ্জ রানার্স ক্লাব ও ভোরের পাখি ক্লাবের সদস্যরাও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস ও মানসিক প্রশান্তি বজায় রাখার মাধ্যমেই গড়ে তোলা সম্ভব একটি সুস্থ ও সুন্দর সমাজ। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে স্বাস্থ্যকর জীবনধারায় অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজনে বক্তব্য রাখেন হাজীগঞ্জ হেলথ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার নিশান রহমান, রানার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আবদুল রশিদ, রাসেল আহমেদ বাবলু, রিয়াদ মুনতাছির, এবং নারায়ণগঞ্জ রানার্স ক্লাবের সদস্য জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হেলথ ক্লাবের সদস্য গোলাম সরওয়ার দিদার, সাইফুল ইসলাম, সোগান মজুমদার, সেবা ফিজিওথেরাপি সেন্টারের স্বত্বাধিকারী শোয়েবুল ইসলাম, রানার্স ক্লাবের সদস্য কাউসার আহামেদ, গিয়াসউদ্দিন, এডভোকেট আজিজুর রহমান সুমন, মহিন, রাশেদুল ইসলাম ও মুনসুর আহামেদ বিপ্লব।
অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত র্যাফল ড্র–তে প্রথম পুরস্কার গ্রহণ করেন শোয়েবুল ইসলাম।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, বন্ধুত্ব ও স্বাস্থ্যসচেতনতার বার্তা।
শেষে আয়োজকরা সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
RK / SAIF




















