চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. আতিক উল্যাহ তালুকদার (৬৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৭টার দিকে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার আহাম্মদপুর তালুকদার বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে স্মৃতিচারণ করেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিব উল্যাহ মজুমদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, শিক্ষক গোলাম সরওয়ার মজুমদার, হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার ইংরেজি শিক্ষক সাকিল আহমেদসহ অনেকে।
জানাজার নামাজ পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আহমদ তালুকদার এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর ছিদ্দিক।
মো. আতিক উল্যাহ তালুকদার শিক্ষা জীবনের পাশাপাশি সমাজসেবায়ও ছিলেন অগ্রগণ্য। তিনি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। পেশাগত জীবনে তিনি ভূমি পরিমাপের কাজ করতেন, যার ফলে স্থানীয়দের মাঝে তাঁর ছিল বিশেষ জনপ্রিয়তা।
তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন—আমিন।




















