মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের গর্ব চাঁদপুরের কৃতি হাফেজা হুমায়রা মাসুদ।
ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগী।
মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামী কায়রোর ঐতিহ্যবাহী এল-মুস্কি এলাকার আর-রাওযাহ আল-হুসাইনিয়া প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আল-আজহার মসজিদের বিশিষ্ট ইমাম ও ক্বারী শায়খ ফাওযী আল-বারবারী আজহারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নারীদের জন্য নির্ধারিত বিভাগে প্রথম স্থান অর্জন করেন হুমায়রা মাসুদ।
একই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা ও কায়রানি নফসুল মুতমাইন্না।
অন্যদিকে, পুরুষদের বিভাগে প্রথম হন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম।
এটি হুমায়রা মাসুদের প্রথম আন্তর্জাতিক সাফল্য নয়।
তিনি এর আগে ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।
পরে ২০২৫ সালে মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৬০টি দেশের প্রতিযোগীর মধ্যে অনারব বিভাগের পঞ্চম স্থান লাভ করেন।
চাঁদপুরের গর্ব হাফেজা হুমায়রা মাসুদ নারায়ণগঞ্জের উম্মে আইমান (রা.) আন্তর্জাতিক বালিকা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন।
বর্তমানে তিনি মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত।
বাংলাদেশের মেয়েরা এখন আন্তর্জাতিক মঞ্চেও কোরআন তিলাওয়াতে নতুন ইতিহাস গড়ছে— হুমায়রা মাসুদ তার উজ্জ্বল উদাহরণ।




















