২৪-এর কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং সর্বশেষ গণঅভ্যুত্থান— প্রতিটি গণআন্দোলনে দেশের ছাত্র সমাজ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে ছাত্র সমাজ ও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জের কালিরবাজার কলেজ মিলনায়তনে “মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র সমাজ ও যুব সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন হারুনুর রশিদ বলেন, আমাদের সমাজব্যবস্থাকে ভেতর থেকে ধ্বংস করছে মাদক। এ রোগে আক্রান্ত সমাজকে রক্ষা করতে হলে ছাত্র সমাজকেই নেতৃত্ব নিতে হবে। আমি বিশ্বাস করি, তরুণরাই পারে এই উপজেলাকে মাদকমুক্ত করতে অগ্রণী ভূমিকা রাখতে।” তিনি আরও বলেন,
“স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির ঘোষিত ৩১ দফাই যথেষ্ট। এই দফাগুলোর মধ্যেই রয়েছে দেশের সকল সমস্যার সমাধান। বিশেষ করে ২৫তম দফায় শিক্ষাব্যবস্থা সংস্কারের যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, তা শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।”
তিনি আশা প্রকাশ করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ সমাজ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে ৩১ দফার সফল বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
সভায় কলেজ অধ্যক্ষ হাফিজ আল মামুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, প্রবাসী বিএনপি নেতা নেদা শরীফ খান, কলেজ গভর্নিং বডির সদস্য ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, মহিলা নেত্রী শারমিন করিম, লিপি হোসাইন, ছাত্রদল নেতা মনির হোসেন ও হোসেন আহাম্মদ প্রমুখ।
পরে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ পোয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেন।




















