নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর বাংলা বাজার রিজার ব্রিজ সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গভীর রাতে এক রিকশাচালককে নির্মমভাবে জবাই করে হত্যা করে রিকশা উল্টে রেখে যায়।
স্থানীয়দের ধারণা, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তাক্ত লাল ও উল্টে থাকা রিকশা দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তাহীনতায় ভুগছে অন্য চালকরাও। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত বিচার এবং রাস্তায় টহল বাড়ানোর দাবি জানিয়েছে।
আরকে/ সাইফ




















