ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৬৪ জেলায় প্রথমবারের মতো লটারির মাধ্যমে পুলিশ সুপারদের (এসপি) রদবদল করেছে পুলিশ সদর দপ্তর। এই লটারিভিত্তিক বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ রবিউল হাসান।
বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিএস ২৫তম ব্যাচের এ দক্ষ কর্মকর্তা পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।
অন্যদিকে, চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলায় দায়িত্ব পালনকালে মানবিক সেবা, জনবান্ধব পুলিশিং এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমে ব্যাপক প্রশংসিত হন। তাঁকে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে এবারই প্রথম সারাদেশে লটারিভিত্তিক এসপি বদলির উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি স্বচ্ছ ও ব্যতিক্রমী পদক্ষেপ।
চাঁদপুরে নতুন এসপি হিসেবে মোঃ রবিউল হাসানের যোগদানকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও জনমুখী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




















