মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পাওয়ার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে জায়গা করে নিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি সংগঠনটির নায়েবে আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে তার শপথ সম্পন্ন হয়।
দলের নীতিনির্ধারণী ওই বৈঠকে জানানো হয়, নায়েবে আমিরের দায়িত্ব পরিবর্তন হলেও সংগঠনটির নির্বাহী পরিষদ, কর্মপরিষদ, বিভাগীয় সেক্রেটারি ও অন্যান্য পদে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের জানান, এ বছরের মজলিসে শুরায় শুধুমাত্র সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। অন্য কমিটিগুলোর পুনর্গঠন নির্বাচন শেষে করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াত এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিটি জোরালোভাবে সামনে আনে। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগ তাকে সব অভিযোগ থেকে খালাস দেন।
১৩ বছর কারাবন্দি থাকার পর ২৮ মে তিনি মুক্তি পান। মুক্তির পরই তাকে নির্বাহী পরিষদের সদস্য করা হয়। আর এবার তিনি সংগঠনের অন্যতম শীর্ষ পদ নায়েবে আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।




















