সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা শাহ এ এম এস কিবরিয়ার সন্তান রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা তিনি নিশ্চিত করেছেন।
বুধবার প্রথম আলোকে রেজা কিবরিয়া জানান, তিনি বিএনপিতে যোগদান করেছেন এবং ধানের শীষ প্রতীকেই নির্বাচন করতে আগ্রহী। এর মাধ্যমে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও অবস্থান নতুনভাবে সাজাতে যাচ্ছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও সেই আসনেই তার রাজনৈতিক প্রত্যাবর্তন।
এদিকে হবিগঞ্জ–১ আসনটি এখনও খালি রেখেছে বিএনপি। দলটি এখনো এ আসনে কোনো প্রার্থী ঘোষণা না করায় রেজা কিবরিয়ার যোগদানকে ঘিরে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা রেজা কিবরিয়া পরবর্তীতে গণঅধিকার পরিষদ এবং দলটির বিভাজনের পর আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। রাজনীতির নানা পথ ঘুরে এবার তিনি সরাসরি বিএনপির পতাকাতলে দাঁড়ালেন।




















