বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী খাদ্য গুদামে (এলএসডি) অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুম ২০২৫–২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বীকৃতি প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, উপজেলা ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটি। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা খাদ্য বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহ মো. শাহেদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন হরিখালী খাদ্য গুদামের ওসি (এলএসডি) মো. আবু সাইদ খন্দকার, সোনাতলা খাদ্য গুদামের ওসি (এলএসডি) মো. জালাল উদ্দীন সরদার, চাতাল মালিক তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও অংশীজনরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহ মো. শাহেদুর রহমান জানান, চলতি আমন মৌসুমে সোনাতলা উপজেলায় মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৫০ টাকা দরে মোট ১ হাজার ১২৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। একই সঙ্গে ‘অ্যাপস’-এর মাধ্যমে নিবন্ধিত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ১০৭ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৪ টাকা দরে ধান সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, আগামী ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই অভ্যন্তরীণ আমন সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং সরকারি খাদ্য মজুত বৃদ্ধি পাবে। এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















