চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত হলো বিশেষ ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান। বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ১৮৩০ থেকে ২১৩০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পুলিশের সমন্বয়ে চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকের লাইসেন্স, গাড়ির ফিটনেস, গতি নিয়ন্ত্রণ এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের বিষয়গুলো কঠোরভাবে যাচাই-বাছাই করা হয়।
অভিযান চলাকালে মোট ১৫০টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কার মালিকদের ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ৩টি মামলা দায়ের করা হয়। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সর্বমোট ৭৮,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি লাইসেন্স না থাকায় ৭টি গাড়ি জব্দ করা হয়।
চলমান পরিস্থিতিতে দেশব্যাপী নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালনে কঠোর অবস্থান বজায় রেখেছে। ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন গাড়ি চলাচল, অবৈধ যানবাহন ব্যবহার এবং জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এলাকাজুড়ে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর এ ধরনের সক্রিয় ভূমিকা প্রশাসন ও স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।




















