হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কচুয়া সড়ক ও আশপাশের পুরো এলাকাজুড়ে দীর্ঘ পাঁচ–ছয় দিন ধরে সড়কবাতি অচল হয়ে রয়েছে। অজানা কারণে হঠাৎ করে সড়কবাতি বন্ধ হয়ে যাওয়ায় সন্ধ্যা নামতেই পুরো সড়ক অন্ধকারে ঢেকে যায়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও সাধারণ বাসিন্দারা চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়েছেন।
বাসিন্দারা জানান, প্রতিদিন সন্ধ্যার পর এবং গভীর রাত পর্যন্ত পুরো রাস্তা অন্ধকারে ডুবে থাকে। এতে চুরি, ছিনতাইসহ যেকোনো দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কবাতি বন্ধের বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অন্ধকারের মধ্যে স্থানীয়রা বাড়তি সতর্কতা নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
পৌরসভার সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে এলাকাবাসীরা বলেন, “আমরা রাত হলে আতঙ্কে থাকি। নিরাপত্তার জন্য সড়কবাতি দ্রুত ঠিক করা জরুরি।”
স্থানীয়রা আশা করছেন, খুব দ্রুত সড়কবাতি মেরামত করে তাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হবে।




















