মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ছালেহ্ আবাদ এম.এন ফাযিল (ডিগ্রি) মাদরাসার দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে শাওন আহমেদ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুন) রাতে হাজীগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ইভটিজিংয়ের শিকার শিক্ষার্থীর মা।
এর আগে এদিন বিকালে অভিযুক্ত শাওন আহমেদকে মাদরাসা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের খলিল আনোয়ারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন আহমেদ প্রায় দিন দশম শ্রেণির শিক্ষার্থীকে মাদরাসায় আসা ও যাওয়ার পথে উত্যক্ত করতো। আজ বিকালেও মাদরাসা ছুটির পরে ওই শিক্ষার্থী বাড়ি যাওয়ার পথে উত্যক্ত করে সে।
এ সময় স্থানীয়রা ও ইভটিজিংয়ের শিকার ওই শিক্ষার্থীর পরিবার টের পেয়ে পুলিশকে খবর দেয়। পরে হাজীগঞ্জ থানা পুলিশ মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ছাত্রীর মা বাদী হয়ে শাওন আহমেদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।




















