হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট শহীদ মুক্তিযোদ্ধা সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা, দোয়া-মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুস্পস্তবক অর্পণ করে।
এরপর বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার উল্যাহ পাটওয়ারী ও মফিজুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের নেতৃত্বে হাজীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ করে। একই সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আবদুল্লাহ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, সুলতান আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমুখ।




















