চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও যক্ষা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখ) সকালে রায়চোঁ কমিউনিটি ক্লিনিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সভাপতি পল্লী চিকিৎসক মোঃ জানে আলম হাসান।
সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ব্র্যাকের প্রোগ্রাম অফিসার হেলাল উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার হালিমা আক্তার, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক জহির আহমেদ, পল্লী চিকিৎসক উত্তম পোদ্দার, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন হাজী, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এছাড়াও কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ সেবাগ্রহণকারীরা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও যক্ষার লক্ষণ, সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে এসব রোগ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে পল্লী চিকিৎসক মোঃ জানে আলম হাসান বলেন,
“রোগ সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা থাকলে আমরা সময়মতো সঠিক চিকিৎসা নিতে পারি এবং একটি সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারি। এমন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ আয়োজন করার জন্য ব্র্যাক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।”
সভা শেষে উপস্থিত সেবাগ্রহণকারীদের মধ্যে রোগ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।




















