বগুড়ার সোনাতলা উপজেলায় আদালতের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও প্রাপ্য জমি বুঝে না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এক অসহায় বিধবা নারী।
সোমবার (২২ডিসেম্বর) সোনাতলা প্রেস ক্লাবে দুপুরে হাজির হয়ে সংবাদ সম্মেলনে বলেন, আমি শেফালী বেগম (স্বামী- মৃত ওয়াজেদ আলী), গ্রাম- পদ্দপাড়া, থানা- সোনাতলা, জেলা- বগুড়া। তিনি জানান, দলিল ও রেকর্ড সূত্রে তার শ্বশুর ঘেরু প্রামানিক ওরফে হাফিজুর রহমানের নামে দাগ নং ১৩৭০-এর জমি বৈধভাবে নথিভুক্ত আছে। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চললেও আদালতে দায়ের করা বাটোয়ারা মামলায় বিজ্ঞ আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন।
আদালতের রায় অনুযায়ী তিনি ও তার পরিবার উক্ত দাগের মোট ১৮.১৫ শতাংশ জমির বৈধ মালিক ও অংশীদার হলেও বিবাদী মোকছেদ ব্যাপারীর ছেলে শফিকুল ও শহিদ জোরপূর্বক সেই জমি দখল করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
শেফালী বেগম আরও অভিযোগ করেন, দখলদাররা তাদের জমিতে প্রবেশে বাধা দিচ্ছে এবং নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।
একজন বিধবা নারী হিসেবে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, উল্টো দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আদালতের চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় শেষ পর্যন্ত তিনি গণমাধ্যমের দ্বারস্থ হয়েছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আদালতের রায় বাস্তবায়ন, তার ন্যায্য জমি বুঝিয়ে দেওয়া এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে তার ন্যায্য দাবি তুলে ধরার আহ্বান জানান এবং ন্যায়বিচার পেতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।




















