চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রাথমিকভাবে দেওয়া দলীয় মনোনয়নে পরিবর্তন এনেছে বিএনপি। দলটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
এ প্রেক্ষাপটে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাসভবনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন আসলাম চৌধুরী। সভায় তিনি দলীয় মনোনয়নপ্রাপ্তির চিঠি নেতাকর্মীদের সামনে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করেন।
মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, দল ও আন্দোলনের স্বার্থে সব বিভেদ ও ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে ১৮ ডিসেম্বর নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আসনটিতে মনোনয়ন পরিবর্তন করে মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















