নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন পাঠ্যবই। বৃহস্পতিবার সকাল ১১টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় এবং সকাল ১০টায় বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়।
নতুন বছরের শুরুতে বই উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল আনন্দ ও প্রাণচাঞ্চল্যে ভরপুর। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল হাসি, চোখে ছিল স্বপ্ন। অনেক শিক্ষার্থী বই হাতে নিয়ে আনন্দ-উল্লাস করতে দেখা যায়।
বই বিতরণ কার্যক্রমের আগে বাবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নতুন বই শুধু পড়ালেখার উপকরণ নয়, বরং এটি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার সোপান। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বছরের প্রথম দিনেই বই হাতে পাওয়ায় শিশুদের পড়ালেখার প্রতি আগ্রহ আরও বাড়বে।
সব মিলিয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানটি আনন্দঘন ও সফলভাবে সম্পন্ন হয়, যা শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগাবে।




















