অল্প সময়ের মধ্যেই ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন সাধারণ মানুষের কাছে আস্থার শক্ত জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে মাদক কারবারি, দালাল ও অপরাধীদের কাছে তিনি হয়ে উঠেছেন এক আতঙ্কের নাম।
নিয়মিত বদলির অংশ হিসেবে সাবেক ওসি শাহ আলম বদলি হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন। যোগদানের পরপরই তিনি ফরিদগঞ্জ থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একের পর এক অভিযান পরিচালনা শুরু করেন। মাদক উদ্ধার, অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, অবৈধ মোটরসাইকেল আটকসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদারসহ সার্বিক তৎপরতায় এলাকায় দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
দায়িত্ব গ্রহণের শুরুতেই ফরিদগঞ্জ থানাকে “দালালমুক্ত থানা” হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে অল্প সময়ের মধ্যেই তিনি কাজের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রমাণ দিয়েছেন। থানার সামনে ও আশপাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ বাণিজ্য, তদবির ও দালালচক্রের তৎপরতা কমতে শুরু করেছে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের এমন সক্রিয় ভূমিকার ফলে এলাকায় চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত অপরাধ আগের তুলনায় কমে এসেছে। সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি নিশ্চিন্তে ও ভরসার সঙ্গে থানায় গিয়ে তাদের সমস্যা সরাসরি ওসিকে জানাতে পারছেন।
সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। এই সময়ে ফরিদগঞ্জ থানার এমন সাহসী ও কার্যকর উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বস্তরের মানুষের কাছে।
স্থানীয়দের প্রত্যাশা, এভাবে যদি ওসি মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে অভিযান ও নজরদারি অব্যাহত থাকে, তাহলে ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের হারানো আস্থা ও বিশ্বাস পূর্ণভাবে ফিরে আসবে।
অফিসার ইনচার্জ এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে, মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের দিকনির্দেশনায় ও সার্কেল স্যারের নেতৃত্বে প্রতিনিয়ত মাদক উদ্ধার, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করছি। আমার নিকট আসতে দালাল লাগবে না। সাধারণ মানুষ যেকোনো সমস্যা নিয়ে আসলে আইনের মধ্যে থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। এছাড়া মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ এগুলো সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সবার সহযোগিতা পেলে এসমস্ত অপরাধ নির্মূল করতে সহজ হবে।




















