হাজীগঞ্জে বিএসটিআই এর দুইটি প্রতিষ্ঠানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকালে বিএসটিআইয়ের অভিযানে ইউনিক লাইভ বেকারী ও মিনহাজ ফুডস নামক দুইটি প্রতিষ্ঠানে পৃথকহারে এ জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
জানা গেছে, হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় সোমবার বিকালে হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন বিএসটিআই’র কুমিল্লা অফিসের কর্মকর্তারা।
অভিযানে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, পাউরুটি, কেক’সহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের অপরাধে মিনহাজ ফুডস্ েওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নগদ ৫০ হাজার টাকা এবং ইউনিক লাইভ বেকারীতে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই’র কর্মকর্তারা। অভিযানে বিএসটিআই’র কুমিল্লা অফিসের ফ্লিড অফিসার প্রকৌশলী মো. আমিনুল ইসলাম শাকিল, মো. রাজিব ফকির ও পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।




















