চাঁদপুরের কৃতি সন্তান, মেধাবী ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা (৩৪) আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন। তার অকাল প্রয়াণে পরিবার, স্বজন, সহকর্মী এবং চাঁদপুরসহ সারাদেশের প্রশাসনিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরদৌস আরার দাদার বাড়ি চাঁদপুরে হলেও তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করতেন। স্বামীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে এবং বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী এলাকায়। কর্মজীবনের পাশাপাশি পারিবারিক জীবনেও তিনি ছিলেন দায়িত্বশীল ও স্নেহশীলা।
প্রশাসনিক সূত্র জানায়, তিনি কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় তারা একসঙ্গে অংশ নেন। সভার পরদিন সোমবার অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যান ফেরদৌস আরা।
উল্লেখ্য, ৩৬তম বিসিএস ব্যাচের এই কৃতি কর্মকর্তা গত বছরের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। অল্প সময়ের মধ্যেই সততা, দক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি জনপ্রশাসনে প্রশংসিত হন এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।
এক নিষ্ঠাবান নারী প্রশাসনিক কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যু অপূরণীয় ক্ষতি। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন সহকর্মী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ।
না ফেরার দেশে চাঁদপুরের কৃতি সন্তান ইউএনও ফেরদৌস আরা
-
ডেস্ক নিউজ - আপডেট : ১১:৫০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- 1944
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















