চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঐতিহ্যবাহী ফরাজীকান্দি দরবার শরীফে দানবক্স চুরির সময় হাতেনাতে এক চোরকে আটক করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার নেদায়ে ইসলাম কমপ্লেক্স এলাকায় অবস্থিত ফরাজীকান্দি দরবার শরীফে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দরবার শরীফের দানবক্সের তালা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কেটে টাকা চুরির চেষ্টা করছিল এক ব্যক্তি। এ সময় বিষয়টি টের পেয়ে নিকটস্থ মাদ্রাসার শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করার চেষ্টা করে।
আটককৃত চোর মো. ইসমাইল হোসেন শামীম উপজেলার বড় হলদিয়া গ্রামের জাহাঙ্গীর প্রধানীয়ার ছেলে।
শিক্ষার্থীদের উপস্থিতি বুঝতে পেরে শামীম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় তিনি টিনের বেড়ার সঙ্গে ধাক্কা খেয়ে চোখ ও হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থল থেকে চোরের কাছ থেকে তালা কাটার জন্য ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, এসব যন্ত্রপাতি দেখে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত চুরির ঘটনা এবং এর পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে।
আটকের পর আহত অবস্থায় শামীমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে মতলব উত্তর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকৃত যন্ত্রপাতি জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফরাজীকান্দি দরবার শরীফের প্রশাসনিক ও আবাসিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন রনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনায় এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, আটককৃত চোরকে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।




















