নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ চৌরাস্তা এলাকায় সড়ক ও সরকারি জমি দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ জানুয়ারি) সকালে পরিচালিত এই অভিযানে প্রায় ২৮০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেগমগঞ্জ চৌরাস্তার সড়ক ও আশপাশের সরকারি জমি দখল করে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও দখলদাররা স্থাপনা অপসারণ না করায় বাধ্য হয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদাত হোসেন বলেন,
“জনস্বার্থে সড়কের স্বাভাবিক চলাচল ও সরকারি জমি উদ্ধার করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে কেউ পুনরায় দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত কিছু ব্যবসায়ী অসন্তোষ প্রকাশ করলেও স্থানীয় সচেতন মহল মনে করছেন, যানজট নিরসন ও পরিকল্পিত উন্নয়নের স্বার্থে এ ধরনের অভিযান জরুরি।
প্রশাসন সূত্র আরও জানায়, বেগমগঞ্জসহ জেলার অন্যান্য এলাকায় পর্যায়ক্রমে দখলবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বেগমগঞ্জ চৌরাস্তায় ২৮০টি অবৈধ দোকান উচ্ছেদ, সড়ক দখলমুক্ত করল প্রশাসন
-
সুজন মাহমুদ - আপডেট : ০৬:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- 150
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















