সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও রাকসুর সাবেক ভিপি অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক আবু সাইয়িদ। পরে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তবে ২০০১ সালের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর তৎকালীন আমির মতিউর রহমান নিজামীর কাছে পরাজিত হন তিনি। ওই নির্বাচনের পর আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি অধ্যাপক আবু সাইয়িদ। ধীরে ধীরে তিনি দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন অধ্যাপক আবু সাইয়িদ। তবে ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকুর কাছে পরাজিত হন। এরপর দীর্ঘদিন তিনি গণফোরামের রাজনীতি থেকেও কার্যত দূরে ছিলেন।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ বিরতির পর বিএনপিতে তার যোগদানকে দলটির জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা
আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের বিএনপিতে যোগদান
-
অনলাইন ডেস্ক - আপডেট : ০৬:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- 105
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















