আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) দুপুর ১টা ১৫ মিনিটে শাহরাস্তি উপজেলার চিতোষি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (পিতা: মৃত আব্দুল মালেক), সাং— আফাজ মিস্ত্রী বাড়ি, ৫নং ওয়ার্ড, চিতোষি পূর্ব ইউনিয়ন, শাহরাস্তি, চাঁদপুর।
পুলিশ জানায়, “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামে একটি টেলিগ্রাম ও ফেসবুক পেইজের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে— এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া যায়। এ সংক্রান্ত এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষি পুলিশ ফাঁড়ি যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” নামের টেলিগ্রাম পেইজটির একাধিক এডমিন রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।
এছাড়া পুলিশ জানায়, গত ২৩ জুন ২০২৫ শাহরাস্তি থানাধীন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজার এলাকায় একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও সরকারবিরোধী বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলারও তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ওই ঘটনায় শাহরাস্তি থানার দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার নম্বর ছিল ১৬, তারিখ ২৪ জুন ২০২৫।
তবে এ বিষয়ে আটককৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















