মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হোয়াইট হাউস রেষ্টুরেন্টের সামনে এ সভা অনু্ষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
ড. জালাল উদ্দিন বলেন, দেশের সার্বিক কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তিনি বলেন, আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ না হলেও দেশের গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে অন্তত ধানের শীষ প্রতীককে বিবেচনায় নিয়ে ভোট দেবেন।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের অবসান ঘটবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নিজেদের ভবিষ্যৎ ও দেশের উন্নয়নের কথা মাথায় রেখে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।
ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নান্নু গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গণি তপাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহসান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাংগঠনিক সম্পাদক একেএম তাফাজ্জল হোসেন লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ভোটাররা।




















