জাতীয় দৈনিক এদিন পত্রিকায় চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মেহেদী হাসান সম্রাট। গত ২ ফেব্রুয়ারি পত্রিকাটির নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
মেহেদী হাসান সম্রাট দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। ২০১৯ সাল থেকে তিনি সংবাদপত্র জগতে যুক্ত থেকে মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন এবং সামাজিক নানা ইস্যুতে কাজ করে ইতোমধ্যে নিজস্ব একটি পরিচিতি তৈরি করেছেন।
বর্তমানে তিনি দৈনিক শপথ ও দৈনিক নয়া প্রভাত পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও সংবাদ পরিবেশনে তার সম্পৃক্ততা রয়েছে।
সাংবাদিক মহলের মতে, দায়িত্বশীল ও পরিশ্রমী সংবাদকর্মী হিসেবে মেহেদী হাসান সম্রাটের এই নিয়োগ চাঁদপুরের সাংবাদিকতার জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। নতুন দায়িত্বে তিনি বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশন করবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
তার এই অর্জনে চাঁদপুরের সাংবাদিক সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন এবং তার পেশাগত জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।




















