আরকেনিউজ ডেস্ক:
কচুয়া থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মো. অলি হোসেন (৩২) কুমিল্লার এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার খাজুরিয়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে রিলাক্স পরিবহনের একটি বাস থেকে গাঁজাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা মো. অলি হোসেন কুমিল্লা জেলার বি-পাড়া থানার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে এদিন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) ও কচুয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এদিন দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনির সামনে রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালীন রিলাক্স পরিবহনের একটি বাস তল্লাশি করে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি অলি হোসেনকে গ্রেফতার করে উপ-পরিদর্শক মো. রাজ্জাক আহম্মদসহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.মহিউদ্দিন সংবাদকর্মীদের জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।




















