দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের আর্থিক সুরক্ষা জোরদারে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী ১০ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় এই কর্মসূচি চালু করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় ফ্যামিলি কার্ড বিষয়ক ১৫ সদস্যের কমিটি অংশ নেয় এবং কর্মসূচির বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ডের আওতায় নির্বাচিত পরিবারের গৃহকর্ত্রীদের প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরাসরি নগদ সহায়তার মাধ্যমে পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে সহায়ক ভূমিকা রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, প্রথম ধাপের অভিজ্ঞতা ও মূল্যায়নের ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে উপকারভোগী নির্বাচন করা হবে বলেও জানান তিনি।
সরকারের এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত আর্থিক সহায়তা প্রান্তিক পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলবে।
১০ মার্চ থেকে শুরু ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম: প্রথম ধাপে ১৪ উপজেলায়
-
অনলাইন ডেস্ক - আপডেট : ০৬:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- 300
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















