চাঁদপুর -৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, জনগণ যদি আপনাদের কারণে কোনো প্রকার দুর্ভোগ পোহাতে হয় তাহলে আমার কোনো সহানুভূতি থাকবে না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমাকে প্রতিটি কেন্দ্রে জয়যুক্ত করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মেহের ডিগ্রি কলেজ মাঠে শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে শাহরাস্তিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হবে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ও সময় দিতে হবে। আমরা আপনাদের সাথে কাজ করবো। আমাকে দোয়া করবেন সংসদে গিয়ে যেন আপনাদের হয়ে কথা বলতে পারি। তিনি বলেন, এ বছর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। যারা জনপ্রতিনিধি হতে চান তারা জনগণের কল্যাণে কাজ করুন, জনগণের কাছে যান। তারাই আপনাদেরকে নির্বাচিত করবে।
উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, বিএনপির নেতা আক্তার হোসেন পাটোয়ারী, ইকবাল হোসেন, শেখ বেলায়েত হোসেন সেলিম , অ্যাড. শাহেদুল হক মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান। দেশ ও জাতির কল্যাণ কামনা ও প্রয়াত বিএনপি নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।




















