সারাদেশে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের চিহ্নিত করে দ্রুত বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না এবং রাষ্ট্রের চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।
বুধবার (৪ মার্চ) সকালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, অতীতে পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার যে অভিযোগ রয়েছে, সে ধরনের পরিস্থিতি আর হতে দেওয়া হবে না। আইন প্রয়োগকারী সংস্থাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ থাকবে না।
তিনি আরও জানান, দেশজুড়ে অপরাধী চক্রের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হলেই সমন্বিত অভিযান শুরু হবে। সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন সুদৃঢ় করা।




















