বিগত জাতীয় সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির অভিযোগ তুলে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান-কে ‘রাজসাক্ষী’ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাকে এবং বর্তমান সরকারের মন্ত্রী খলিলুর রহমান-কে দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, বিগত নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’য়ের বিষয়ে তাদের দল ইতোমধ্যে বিভিন্ন অভিযোগ তুলেছে এবং কয়েকটি আসন নিয়ে আদালতেও মামলা করা হয়েছে। তিনি দাবি করেন, এ বিষয়ে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান গুরুত্বপূর্ণ ‘রাজসাক্ষী’ হিসেবে সামনে এসেছেন। তাই তাকে দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় সাবেক উপদেষ্টা ও বর্তমান মন্ত্রী খলিলুর রহমানেরও সমালোচনা করেন ড. তাহের। তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থেকে খলিলুর রহমান একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে কাজ করেছেন। এর ফলে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। তাই তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা।
গণভোট নিয়ে আদালতে দায়ের করা একটি রিটের প্রসঙ্গ তুলে ড. তাহের বলেন, সরকারের ইঙ্গিতেই এ আবেদন করা হয়েছে বলে তাদের ধারণা। তিনি বলেন, তারা আদালতকে স্বাধীন দেখতে চাইলেও বাস্তবে তা হচ্ছে না। বিষয়টি আদালত, সংসদ ও রাজপথ—সব জায়গায় মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু এখনও দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটছে।
এ ছাড়া তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজেদের ঘনিষ্ঠ লোক বসিয়ে আগের সরকারের মতোই দলীয়করণ করছে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সহকারীর সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে নিজস্ব স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা জানানো হয়েছে। পাশাপাশি চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তারা যুদ্ধবিরোধী অবস্থানের কথাও তুলে ধরেছেন।
নির্বাচনী কারচুপির ইস্যুতে রিজওয়ানা হাসান ‘রাজসাক্ষী’: তদন্তের দাবি জামায়াতের
-
ডেস্ক নিউজ - আপডেট : ০২:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- 336
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















