চাঁদপুরে ঐতিহ্যবাহী হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বারাকাত আল-ইফতার আল আসর ২০২৬”।
মঙ্গলবার (১৭ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে ২০২৫ সালের ২৯ মার্চ প্রথমবারের মতো এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারের আয়োজন করা হয়।
১৮৮৫ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি চাঁদপুর জেলার অন্যতম প্রাচীন ও সুনামধন্য মাধ্যমিক বিদ্যালয় হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষার মান ও খ্যাতির জন্য স্বীকৃত। জেলার গণ্ডি পেরিয়ে শিক্ষাবোর্ড ও রাষ্ট্রীয় পর্যায়েও প্রতিষ্ঠানটি সমাদৃত হয়ে আসছে।
অনুষ্ঠান উপলক্ষে পুরো স্কুল প্রাঙ্গণ রঙিন আলোকসজ্জা ও চাঁদ-তারার নকশায় সজ্জিত করা হয়। শৈশবের স্মৃতিবিজড়িত মাঠে বিছানো হয় লাল কার্পেট, যা অনুষ্ঠানে যোগ করে বাড়তি সৌন্দর্য। প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
অনুষ্ঠানের একপর্যায়ে স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপরদিকে শিক্ষকরাও তাদের প্রাক্তন ছাত্রদের এমন দায়িত্বশীল ও সফল আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে, যাতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়।
ইফতার ও দোয়া মাহফিল শেষে ফটোসেশন এবং বিদ্যালয়ের নামে স্লোগানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে




















