সফরমালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘১৮ উদ্যোগ’-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ রমজান) সফরমালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বন্ধুদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি, ছোট শিশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, পারস্পরিক সৌহার্দ্য বিনিময় ও সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। প্রবাসী বন্ধুদের অনুপ্রেরণাও এ উদ্যোগকে আরও গতিশীল করে তুলেছে।
আয়োজকদের মধ্যে রিজভী চৌধুরী বলেন, ইফতার মাহফিলকে সফল করতে তাদের বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— রাকিব খান, মো. হাবিব, আহম্মেদ ফারুক, সোহাগ, শ্যামল, আমিন, সৌরভ, নাজমুল, তারেক, জাকির হাওলাদার এবং ছোট ভাই রাব্বি ও মেহেদীসহ আরও অনেকে।
ইফতারের আগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মো. শাহাদাৎ হোসাইন। তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা বলেন, রমজানের এই পবিত্র মাসে এমন আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তেহারি বিতরণ করা হয়।




















