চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহ্ মাহমুদপুর ইউনিয়নের ভাটেঁরগাঁও গ্রামের খায়ের মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো ভাটেঁরগাঁও প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা।
রবিবার (২২ মার্চ) বিকেলে আয়োজিত এই ফাইনাল ম্যাচ ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী কয়েকশ দর্শক, যাদের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় খায়ের মার্কেট জুনিয়র একাদশ ও টিম চাঁদপুরিয়ান। শুরু থেকেই উত্তেজনায় ভরপুর ম্যাচে দুই দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচে খেলোয়াড়দের দক্ষতা ও দলগত সমন্বয় ছিল চোখে পড়ার মতো।
শেষ পর্যন্ত চমৎকার পারফরম্যান্স ও কৌশলী খেলায় খায়ের মার্কেট জুনিয়র একাদশ প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস আর সমর্থকদের আনন্দ ছিল দেখার মতো।
ম্যাচটি দক্ষতার সাথে পরিচালনা করেন হেলাল খান ও হাফেজ তানভীর। ধারাভাষ্যকার হিসেবে সুমন খানের প্রাণবন্ত উপস্থাপনা পুরো ম্যাচে ভিন্ন মাত্রা যোগ করে এবং দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে।
খেলা শেষে মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সোহাগ পাটোয়ারী, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ওহেদ পাটোয়ারী, সুমন গাজী, মুরাদ পাটোয়ারী, টিপু পাটোয়ারী, চুন্নু বেপারী, হানিফ বেপারী, হযরত আলী খান, শরিফ গাজী, আলী বেপারী ও সোহাগ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুরো আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আয়োজকদের আন্তরিকতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সফলভাবে সম্পন্ন হওয়া এই টুর্নামেন্ট ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী।




















