চাঁদপুরের শাহরাস্তিতে বৃহত্তর টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হককে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বিকেলে উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনার বক্তব্যে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন ছিলো, আমরা চেষ্টা করছি বাজার নিয়ন্ত্রণ রাখতে। আপনারা জানেন, আমরা দায়িত্ব নেয়ার পরপরই যুদ্ধ শুরু হয়েছে। আপনারা আমাদেরকে ৬ মাস সুযোগ দিলে আমরা অর্থনীতির চাকা ঘোরাতে পারবো। আপনাদের আমানতের একটি টাকাও আমার মাধ্যমে খেয়ানত হবে না। আপনাদের পাশে থেকে কাজ করতে আমার চেষ্টার কমতি হবে না। আমি সংসদে আপনাদের হয়ে মাদকের বিরুদ্ধে কথা বলবো। শাহরাস্তিকে টিকিয়ে রাখতে আমরা ডাকাতিয়া নদী খনন করবো। আমি নিশ্চিত করলাম আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না।
উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক কিরণ মুন্সি, বিএনপি নেতা আব্দুর রহিম, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আখন্দ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম বিলাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আগত শিল্পীবৃন্দ।
আরকে/ সাইফ




















