চাঁদপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ এপ্রিল) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ পুকুরে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিল হিকমা। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন।
জেলা ক্রীড়া অফিস, চাঁদপুর-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সাঁতার প্রতিযোগিতার পাশাপাশি নতুন প্রজন্মকে সাঁতার শেখাতে প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আয়োজকরা।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে নদীমাতৃক বাংলাদেশে সাঁতার জানা জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তাই এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সচেতন করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াবিদ, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং সফলভাবে আয়োজনটি সম্পন্ন হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিতরা।




















