নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ক্লাভেরাক শহরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা-ছেলেসহ চারজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি। এ ঘটনায় এক বছরের শিশু ও তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেট রুট ৯এইচ-এর ভ্যান উইক রোডের কাছে একটি টয়োটা প্রিয়াস হঠাৎ করে মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা টয়োটা ক্রাউনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দু’টি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ও তেলের দাগ দেখা যায়।
নিহতদের মধ্যে লাউডনভিলের ২৯ বছর বয়সী নাজমুল রবেল, ব্রঙ্কসের ৬০ বছর বয়সী মোহাম্মদ হেরামন এবং ২৫ বছর বয়সী ফাহিম হালিম রয়েছেন। অন্য গাড়িতে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিও ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ফাতিমা আক্তার (৩৩) এবং এক বছর বয়সী শিশুর চিকিৎসা হাসপাতালে চলছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয়। সড়কটি প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই সড়কে অতিরিক্ত গতি, খারাপ বাঁক এবং নিরাপত্তা ব্যবস্থা অভাব দীর্ঘদিনের সমস্যা।
কলাম্বিয়া কাউন্টির শেরিফ জ্যাকি সালভাতোরে জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবহাওয়া বা রাস্তার পরিস্থিতিই মূল কারণ নয়। তদন্ত অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, বাংলাদেশ কমিউনিটি হতাহতদের পরিবার ও শোকাহত সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার স্থান পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করার দাবি তুলেছেন।




















