চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে ইউনিয়নের চারিয়ানি প্রধানীয়া বাড়ির বাসিন্দা অসহায় মোঃ ইসমাঈল মিয়ার পরিবারের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের কারণে জরাজীর্ণ ও অনিরাপদ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন ইসমাঈল মিয়া ও তার পরিবার। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের নজরে এলে তারা দ্রুত একটি স্থায়ী সমাধানের উদ্যোগ নেন। পরে ডাঃ সাঈদুল হক পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে অল্প সময়ের মধ্যেই নতুন ঘরটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বাদশগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মনির হোসেন, হাফেজ মোখলেসুর রহমান, শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
নতুন ঘর পেয়ে ইসমাঈল মিয়া ও তার পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।




















