চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আগমন ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী শনিবার (১৬ মে) তাঁর চাঁদপুর সফরকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, গণসংযোগ ও শোডাউনের মাধ্যমে নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
সরকারপ্রধানের এবারের সফরের মূল আকর্ষণ হিসেবে থাকছে খাল পুনঃখনন ও কৃষি পুনরুদ্ধার কার্যক্রম। দীর্ঘদিন অবহেলায় হারিয়ে যাওয়া খাল-বিল ও জলাধার পুনরুজ্জীবনের মাধ্যমে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশ খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পানি প্রবাহ সচল রাখার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে কুমিল্লা হয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লার বরুড়া এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার সংলগ্ন খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এরপর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমও উদ্বোধনের কথা রয়েছে।
এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ভার্চুয়ালি দেশের আরও ২১টি জেলায় এই কর্মসূচির কার্যক্রম চালুর ঘোষণা দেওয়ার কথা রয়েছে। সফরের শেষ পর্যায়ে চাঁদপুর ক্লাবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সাংগঠনিক দিকনির্দেশনা দেবেন তিনি।
জেলা বিএনপির নেতারা বলছেন, প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি ও সম্ভাবনাগুলোর বিষয়ে অবগত রয়েছেন। বিশেষ করে হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড স্থাপনের বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা অনেক বেশি। এ সফরে উন্নয়ন ও কর্মসংস্থান ঘিরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
চাঁদপুরবাসীর প্রত্যাশা, খাল পুনরুদ্ধার, কৃষি উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে জেলার উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর এ সফর স্মরণীয় হয়ে থাকবে।
দীর্ঘদিন পর চাঁদপুরে আসছেন তারেক রহমান, জনসমুদ্রে রূপ নিতে পারে সফর
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- 81
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















