জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এইচ এম নিজাম। গত ১৫ জুন পত্রিকার সম্পাদক কে এম বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।
সাংবাদিক এইচ এম নিজাম ২০০৯ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করেছেন।
বর্তমানে তিনি দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি দৈনিক নয়া প্রভাত পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চাঁদপুরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে তিনি সাংবাদিক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এইচ এম নিজাম বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চাঁদপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো পাঠকদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব। পত্রিকা কর্তৃপক্ষ আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, “নতুন এই দায়িত্ব পালনে চাঁদপুরের উন্নয়ন, সম্ভাবনা, জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে জেলার সর্বস্তরের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”




















