চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই ও ধান সিদ্ধের গরম পানি ফেলে খাল দূষণ এবং ভরাট করার অভিযোগে দুই অটো রাইস মিলের মালিককে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পুরানবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি এবং সাজিদ হক।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা অমান্য করে দীর্ঘদিন ধরে নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধের গরম পানি ফেলার কারণে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি অটো রাইস মিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মেসার্স চাঁদপুর অটো রাইস মিলের মালিককে ৫০ হাজার টাকা এবং মেসার্স খাজা বাবা অটোমেটিক রাইস মিলের মালিককে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, নাপিতবাড়ি খালে ফেলা ধানের তুষ ও ছাই দ্রুত অপসারণ করে খালকে দূষণমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট রাইস মিল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরও বলেন, পরিবেশ ও জলাশয় রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।




















