হযরত শাহজালাল (র.)-এর মাজারে ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা দান করেছেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
সোমবার (২২ জুন) বিকেলে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের মাধ্যমে এই টাকা জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।
তিনি জানান, হযরত শাহজালাল (র.)-এর মাজার-এর দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে। এর সঙ্গে সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তার ব্যক্তিগত তহবিল থেকে আরও ৫ লাখ টাকা দান করেন। ফলে মাজারের ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
এর আগে প্রায় সাতশ বছরের প্রচলিত রীতি ভেঙে প্রথমবারের মতো শাহজালাল (র.) মাজারে জমা হওয়া দানের টাকার হিসাব প্রকাশ্যে এনে ব্যাপক আলোচনায় আসেন মো. সারওয়ার আলম। বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনার মধ্যে গত রোববার তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে দায়িত্ব থেকে প্রত্যাহারের পরও মাজারে জমা হওয়া দানের অর্থের হিসাব প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি। সোমবার প্রায় চার ঘণ্টাব্যাপী গণনা শেষে মাজারের দানবাক্সে চার দিনে জমা হওয়া নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
জানা যায়, গণনা শেষে দানবাক্সগুলো থেকে পাওয়া নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারের বিস্তারিত হিসাব সংরক্ষণ করা হয়েছে এবং নগদ অর্থ মাজারের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে সিলেটসহ দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে মাজারের দানের অর্থের হিসাব প্রকাশ এবং পরে ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা দানের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শাহজালাল (র.) মাজারে ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা দান করলেন সাবেক ডিসি সারওয়ার আলম
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 94
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















