চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা ২৪ জুন বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শামছুল আলম। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল করা, শৃঙ্খলা বজায় রাখা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সেবা সংঘের আনোয়ার হোসেন সরকার, বিএনপি নেতা সোহেল তফদার, শহিদুল ইসলাম আলফু, অহিদুল ইসলাম চৌধুরী মোহন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, অভিভাবক সদস্য মো. সেলিম, শিক্ষক প্রতিনিধি জান্নাতুল বাকি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে শামছুল আলম হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মাননীয় এমপি মহোদয়ের পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাব। বিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে প্রতিষ্ঠানটিকে শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে এডহক কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সভা শেষে বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।




















