চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ‘অলিপুর’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার ৫ নম্বর হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিভক্ত করে ৬টি গ্রাম নিয়ে প্রস্তাবিত ১৩ নম্বর অলিপুর ইউনিয়ন গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার পাঠিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
শুক্রবার (২৬ জুন) এমপির স্বাক্ষরিত ওই ডিও লেটারে উল্লেখ করা হয়, ৮ দশমিক ২৩ বর্গকিলোমিটার আয়তনের হাজীগঞ্জ সদর ইউনিয়ন জেলার অন্যতম বৃহৎ ইউনিয়ন। এখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস এবং মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৫২৫ জন। ইউনিয়নের ১৫টি গ্রামের মাঝখান দিয়ে রেললাইন ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করায় উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে ভৌগোলিক বিভাজন সৃষ্টি হয়েছে।
চিঠিতে বলা হয়, ইউনিয়নের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের পরিষদের বিভিন্ন সেবা নিতে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এতে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনদুর্ভোগ কমিয়ে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়নটি বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠন সময়ের দাবি।
প্রস্তাবিত অলিপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হয়েছে অলিপুর (উত্তর), অলিপুর (দক্ষিণ), বেতিয়াপাড়া, উচ্চঙ্গা, সাতবাড়িয়া ও সিদলা—এই ৬টি গ্রাম।
২০২২ সালের জনশুমারি অনুযায়ী, প্রস্তাবিত ইউনিয়নের মোট জনসংখ্যা ১৩ হাজার ৮৫ জন। এর আয়তন ২ হাজার ৩৬ একর এবং মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ১৮৬ জন।
ডিও লেটারে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের সাধারণ সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন বিভক্তির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন অলিপুর ইউনিয়ন বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে, উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এখন প্রস্তাবটি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন অলিপুরবাসী।
দীর্ঘদিনের দাবির পথে অগ্রগতি, হাজীগঞ্জে হচ্ছে নতুন “অলিপুর” ইউনিয়ন
-
মোহাম্মদ সাইফুল ইসলাম - আপডেট : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- 94
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















