গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার (২৯ জুন) দুপুর ২টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে স্কুল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মাঠ, ক্যাম্পাসের বিভিন্ন স্থান এবং সংলগ্ন সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
রোপণকৃত চারার মধ্যে ছিল আম্ররূপালি, কাঁঠাল, জলপাই, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ। রোপণের পাশাপাশি চারাগুলোর সুষ্ঠু বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি চারায় নিরাপত্তা বেষ্টনীও স্থাপন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোশারফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষক মোঃ মাসুদুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মাহবুব হাসান, অজয় কুমার চন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। সবাই স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং পরিচর্যা করার আহ্বান জানান।
কর্মসূচি শেষে সবুজায়নের এই উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।




















