মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার গলাচিপা রুপার বাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘গলাচিপা সম্মেলন, জুলাই-২০২৬’। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
সম্মেলনে জেলা প্রশাসক বলেন, গলাচিপাবাসীর ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগ অন্য এলাকার জন্যও অনুসরণীয় উদাহরণ। তিনি জানান, মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশ, র্যাব এবং বিজিবিকে নিয়ে সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি যারা মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে, তাদের পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, সামাজিক সচেতনতা, পারিবারিক নজরদারি এবং জনসম্পৃক্ততাই মাদক প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ সময় গলাচিপা এলাকায় একটি খেলার মাঠ, একটি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা এবং সরকারি খাসজমি পাওয়া গেলে তা জনকল্যাণমূলক কাজে বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। একই সঙ্গে তিনি গলাচিপার এই সামাজিক উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্মেলনে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মাদকবিরোধী সমন্বিত কর্মসূচি, যৌথ অভিযান জোরদার এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আয়োজক কমিটির সদস্য এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা।
বক্তারা বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি। সেই বার্তাই দিয়েছে গলাচিপা সম্মেলন।
মা”দকের বি’রুদ্ধে আপসহীন অবস্থান’—নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ঘোষণা, যৌথ অভিযানের বার্তা
-
নারায়ণগঞ্জ প্রতিনিধি - আপডেট : ০৯:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- 61
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















